জয়পুরহাটের কালাই উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সমন্বিত পানি সম্পদ ব্যবস্থাপনার আওতায় ‘সেচ ও নিকাশ (ড্রেনেজ) কাঠামো’ উপখাতের একটি গুরুত্বপূর্ণ উপ-প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুর ১২টায় কানমোনা-হারাবতী খালের পরিচালন ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব মো. আব্দুল বারী।
উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল বারী বলেন, আপনারা জানেন আমাদের এলাকায় আলুর ব্যাপক ক্ষতি হয়েছে। শুধুমাত্র আমাদের ড্রেনেজ সিস্টেমটা ঠিক ছিল না। আমাদের খালগুলো যদি সচল থাকত তাহলে আলু আবাদে চাষিরা এত ক্ষতিগ্রস্ত হতো না। সরকার চেষ্টা করছে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে কীভাবে তাদের সহযোগিতা করা যায় সে ব্যবস্থা করা হচ্ছে।
তিনি আরও বলেন, আমাদের দেশে যে অতিরিক্ত আলু চাষ হয়। সেটি কীভাবে ব্যবহার করে আলুর দাম ঠিক রাখতে পারি এবং আমাদের কৃষক ভাইয়েরা যেন কোনো ক্ষতির সম্মুখীন না হয় সে ব্যবস্থা করা হচ্ছে।
এ সময় জয়পুরহাট জেলা প্রশাসক আল মামুন মিয়া, কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা, কৃষি কর্মকর্তা হারুন অর রশিদ, কালাই থানা ওসি রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মওদুদ আলম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীমসহ উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


