ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আক্কেলপুরে নকলের দায়ে মাদ্রাসাছাত্রী বহিষ্কার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬, ০৯:৪১ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় দাখিল পরীক্ষার কেন্দ্রে নকল করার দায়ে একটি মাদ্রাসার একমাত্র পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এতে ওই প্রতিষ্ঠানের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ একেবারেই শূন্য নেমে এসেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আরবি দ্বিতীয় পত্রের পরীক্ষার সময় আক্কেলপুর সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের ১ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে।

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষা চলাকালে অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদ্রাসার একটি ছাত্রী আরবি দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষায় নকল করার সময় কক্ষ পরিদর্শকের হাতেনাতে ধরা পড়েন। পরে কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেনের উপস্থিতিতে কেন্দ্রসচিব জাইদুল ইসলাম ওই মাদ্রাসাছাত্রীকে বহিষ্কার করেন।

আরও জানা গেছে, ওই মাদ্রাসার একমাত্র দাখিল পরীক্ষার্থী ছিল ওই এক ছাত্রীটি। ফলে তার বহিষ্কারের পর প্রতিষ্ঠানটির দাখিল পরীক্ষায় আর কোনো শিক্ষার্থী অবশিষ্ট রইল না। মাদ্রাসার সুপার জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

সিনিয়র মাদ্রাসা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন জানান, দাখিল পরীক্ষা কেন্দ্রে আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা চলছিল। ১ নম্বর কক্ষে অনন্তপুর চৌধুরীপাড়া দাখিল মাদ্রাসার এক ছাত্রী নকল করে পরীক্ষা দেওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে। বিধি অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে কেন্দ্রসচিব জাইদুল ইসলাম বলেন, পরীক্ষায় নকল করার অপরাধে ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।

আক্কেলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাবেদ ইকবাল হাসান বলেন, উপজেলায় নকলের ঘটনায় কোনো ধরনের ছাড় নেই। বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।