জয়পুরহাটের কালাইয়ে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে কালাই থানা পুলিশ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে উপজেলার পুনট বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
এ সময় আটককৃতদের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, একটি বাটন মোবাইল ফোন এবং একটি ভেনিটি ব্যাগ উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন উপজেলার পুনট নয়াপাড়া গ্রামের কাওছার জাহান জনির স্ত্রী নিলুফা ইয়াসমিন আদুরী (২২) এবং মাদাই খরপা গ্রামের হামেদ আলীর ছেলে শাহ আলম (২৪)।
পুলিশ জানায়, নিলুফা ও শাহ আলম দীর্ঘদিন ধরে এলাকায় মাদক বিক্রি করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে তারা মাদক বিক্রি করছেন এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে তাদের হাতেনাতে মাদকসহ আটক করা হয়।
এ বিষয়ে কালাই থানার ওসি রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আহসান হাবীবসহ সঙ্গীয় ফোর্স পুনট এলাকায় অভিযান পরিচালনা করে দুইজনকে আটক করে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন