জয়পুরহাটের কালাইয়ে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে দই উৎপাদনের দায়ে একটি দই কারখানার মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ জুলাই) সন্ধ্যায় উপজেলার মোলামগাড়ি হাট এলাকায় অবস্থিত ‘আলতাফ দই কারখানায়’ এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লাহ আল মাহবুব।
অভিযান চলাকালে কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে দই উৎপাদন এবং খাদ্য নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের সত্যতা পাওয়া যায়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় কারখানার মালিককে ৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
অভিযানে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্যানিটারি ইন্সপেক্টর শহিদুল ইসলাম ও কালাই থানার এসআই আমিনুর ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহবুব বলেন, জনস্বাস্থ্য রক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালিত হবে। তিনি খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণের আহ্বান জানান।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন