খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যাগে সাম্প্রতিক ভয়াবহ কালবৈশাখি ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সামনে ক্ষতিগ্রস্তদের মাঝে টিন তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুর রহমান।
জানা গেছে, মঙ্গলবার (২৮ এপ্রিল) কালবৈশাখি ঝড়ে মাটিরাঙ্গা উপজেলার সাতটি ইউনিয়নসহ মাটিরাঙ্গা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গাছপালা উপড়ে পড়ে এবং বেশ কিছু ঘরবাড়ি লন্ডভন্ড হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের লক্ষে প্রত্যেক পরিবারকে প্রয়োজনীয় ঢেউটিন প্রদান করা হয়।
এ সময় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) প্রতীতি প্রিয়া, মাটিরাঙ্গা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) ইশতিয়াক আহমেদ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি নারায়ন ত্রিপুরা ও মাটিরাঙ্গা প্রেসক্লাবের সভাপতি মো. জসীম উদ্দিন জয়নালসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
দুর্যোগে এই সহায়তা পেয়ে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
ঢেউটিন বিতরণকালে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান বলেন, কালবৈশাখি ঝড়ে মাটিরাঙ্গা উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে দ্রুততম সময়ে প্রতি পরিবারকে ডেউটিন সহায়তা প্রদান করা হয়েছে। সরকার সবসময় অসহায় মানুষের পাশে আছে এবং পর্যায়ক্রমে সকল ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তার আওতায় আনা হবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন