শহর ছাড়িয়ে সীমান্ত ঘেঁষা তাইন্দংয়ের দুর্গম পাহাড়ি পল্লিতে বিনামূল্যে চিকিৎসাসেবা পোঁছে দিয়েছে সেনাবাহিনী। খাগড়াছড়ির গুইমারা সেনা রিজিয়নের আওতাধীন ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারীর মাটিরাঙ্গা জোন এ সেবা পোঁছে দেয়।
মঙ্গলবার (০৬ মে) সকালের দিকে মাটিরাঙ্গার তাইন্দংয়ের দুর্গম সুধীল রঞ্জন হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প উদ্বোধন শেষে মানবিক সহায়তা বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।
কর্মসুচির অংশ হিসেবে হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ এবং প্রতিবন্ধীর মাঝে বস্ত্র বিতরণ করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।
এ সময় মাটিরাঙ্গা জোনের (ভারপ্রাপ্ত) জেডএসও মেজর সামিউল হক, ক্যাম্প কমান্ডার মেজর হাসনাইন জালালী, ক্যাপ্টেন ইয়ামীম ইসলামসহ উচ্চপদস্ত কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
গুইমারা রিজিয়নের মেডিসিন বিশেষজ্ঞ মেজর ইকরামুল আমিনের নেতৃত্বে দুর্গম পাহাড়ি পল্লি হেডম্যানপাড়া এলাকার প্রায় তিন শতাধিক দুস্থ পাহাড়ি বাঙালি নারী পুরুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করা হয়। এ সময় চিকিৎসাসেবা প্রদান করেন মেডিকেল অফিসার ক্যাপ্টেন সাদিয়া আফরিন ও মাটিরাঙ্গা জোনের মেডিকেল অফিসার ক্যাপ্টেন নুরে রেজওয়ান তৌফিক রিজভী।
ক্যাম্পেইন চলাকালীন সময় উপকারভোগীদের সঙ্গে কুশল বিনিময় এবং তাদের খোঁজখবর নেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান।
মাটিরাঙ্গা জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ খান বলেন, এই অঞ্চলে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও সুসম্পর্ক বিদ্যমান, তা সত্যিই প্রশংসার দাবিদার। আর্তমানবতার সেবায় পাহাড়ের দুর্গম এলাকায় সেনাবাহিনীর এমন কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন