ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খুলনা-৩ আসনে বিএনপি প্রার্থী বকুলকে শোকজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ২৮, ২০২৬, ১০:৫৩ এএম
রকিবুল ইসলাম বকুল। ছবি : সংগৃহীত

নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম বকুলকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) খুলনা-৩ আসনের নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. বুলবুল আহমেদের স্বাক্ষরে এ নোটিশ জারি করা হয়।

নোটিশে বলা হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় খুলনার যুগ্ম জেলা ও দায়রা জজ, তৃতীয় আদালতে নিজে অথবা উপযুক্ত প্রতিনিধির মাধ্যমে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

নোটিশে আরও উল্লেখ করা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা-১০১, খুলনা-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রকিবুল ইসলাম বকুল। 

অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার (২৭ জানুয়ারি) দৌলতপুর ও খালিশপুর এলাকায় অনধিক তিনটি মাইক ব্যবহারের অনুমতি থাকলেও তা অমান্য করা হয়েছে। পাশাপাশি প্রতিটি গাড়িতে একটি হর্ন ব্যবহারের বিধান থাকলেও দুটি হর্ন ব্যবহার করা হয়েছে।

এ ছাড়া বিএল কলেজের সামনে খুলনা-যশোর মহাসড়কে সিটি করপোরেশনের বিলবোর্ড ব্যবহার, কালার পিভিসি ব্যবহার এবং নির্ধারিত ১৮ ইঞ্চি বা ২৪ ইঞ্চি মাপের বাইরে ফেস্টুন ব্যবহারের অভিযোগও নোটিশে উল্লেখ করা হয়েছে।

প্রসঙ্গত, খুলনা-৩ আসনের দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী প্রতিনিধি মো. ইকবাল হোসেন এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেন।