বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ও খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ‘নির্বাচনে কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে জীবন দিয়েও তা প্রতিহত করা হবে।’
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আগামী ১২ ফেব্রুয়ারির ভোটের মাধ্যমে সরকার গঠন করবে জনগণ—এমন মন্তব্য করে তিনি বলেন, ‘বাংলাদেশে আর কোনো জালেম সরকার প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না।
১১ দলীয় জোটের প্রার্থীদের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চেয়ে মাওলানা আবুল কালাম আজাদ আরও বলেন, ‘জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় এলে জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা হবে।’
তিনি হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা আপনাদের পাশে আছি এবং থাকব—তা ৫ আগস্টের পর প্রমাণিত হয়েছে।’
এ ছাড়া তিনি নির্বাচনি এলাকার দীর্ঘদিনের সমস্যাগুলো তুলে ধরে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, কৃষি উন্নয়ন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, চিকিৎসা ও বেকারত্ব দূরীকরণে বাস্তবভিত্তিক উন্নয়ন পরিকল্পনার কথা জানান।
লস্কর ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এস এম শামসুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সিনিয়র নায়েবে আমির মাওলানা গোলাম সরোয়ার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, তামজিদ আলম, সাবেক ভাইস চেয়ারম্যান শেখ কামাল হোসেন, ইসলামী ছাত্রশিবির খুলনা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারীসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
জনসভায় বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।



