ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সনদ বাস্তবায়ন না করলে সরকার প্রশ্নবিদ্ধ হবে : নাহিদ ইসলাম

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৮:০২ পিএম
নাহিদ ইসলাম। ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, নবগঠিত সরকার বাতাসের ওপর দিয়ে আসেনি। এমনকি নিয়মতান্ত্রিক উপায়ে সরকার গঠন হয়নি। এ সরকারের বৈধতা জুলাই গণঅভ্যুত্থান। অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতাও ছিল গণঅভ্যুত্থান। যদি সরকার পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে এ সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।

সোমবার (০৯ মার্চ) খুলনা জেলা স্টেডিয়ামে এনসিপির বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

একই মঞ্চে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের উপস্থিতিকে ইঙ্গিত করে নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণে আজ আমরা একই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। শত শত শহীদের রক্তের ওপর আমরা এখানে বসতে পেরেছি। জাতীয় সংসদে একসাথে বসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। অন্তর্বর্তীকালীন সরকারের সব আদেশ বাস্তবায়ন করতে চাই।

ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ এগারো দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে বিশেষ অতিথি ছিলেন: এনসিপির দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম, জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান এবং কেন্দ্রীয় ও বরিশাল বিভাগের নেতৃবৃন্দ।