ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ট্রাকচাপায় ম্যানেজারকে হত্যার ঘটনায় নড়াইলে সব পাম্প বন্ধ ঘোষণা

নড়াইল প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০২:১১ পিএম
পেট্রোল পাম্প বন্ধ। ছবি : রূপালী বাংলাদেশ

নড়াইলে ট্রাকে তেল দিতে না পারায় পেট্রোল পাম্প ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলার সব পাম্প বন্ধ ঘোষণা করেছে নড়াইল পাম্প মালিক সমিতি। 

রোববার (২৯ মার্চ) দুপুর ১২টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন নড়াইল পাম্প মালিক সমিতির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম হিট্রু। 

তিনি বলেন, তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং অ্যান্ড গ্যাস স্টেশনের ম্যানেজার নাহিদ সর্দার হত্যার ঘটনায় জেলার ১০টি পাম্প এক দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। 

এর আগে শনিবার (২৮ মার্চ) রাত ২টা ২০ মিনিটের দিকে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের মের্সাস তানভীর ফিলিং স্টেশনের পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরেকজন আহত হন। 

ট্রাকচাপায় নিহত নাহিদ সর্দার (৩০) তুলারামপুর ইউনিয়নের পেড়লী গ্রামের আকরাম সর্দারের ছেলে। আহত জিহাদুল ইসলাম (২৯) একই ইউনিয়নের তুলারামপুর গ্রামের জহুরুল মোল্যার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল সদর উপজেলার যশোর-নড়াইল মহাসড়কের পাশে অবস্থিত তুলরামপুরে মেসার্স তানভীর ফিলিং স্টেশনে ট্রাকের ডিজেল নিতে আসেন পেড়লী গ্রামের ট্রাক চালক সুজাত মোল্যা। পাম্পে তেল না থাকায় তেল দিতে পারেনি পাম্প ম্যানেজার নাহিদ সর্দার। তেল না পেয়ে ট্রাকচালকের সঙ্গে বাগবিতণ্ডা হয়। বাগবিতণ্ডের একপর্যায়ে ট্রাকচালক সুজাত ম্যানেজারকে ট্রাকচাপা দিয়ে হত্যা করার হুমকি দেন। পরে রাত ২টা ২০ মিনিটের দিকে মোটরসাইকেলযোগে নিজ গ্রাম পেড়লী যাচ্ছিলেন ম্যানেজার নাহিদ ও তার বন্ধু জিহাদুল। পাম্প থেকে ১০০ গজ দূরে গেলে পেছন দিয়ে এসে ট্রাকচালক সুজাত তার গাড়ি লক্ষ্য করে চাপা দেয়। এতে ঘটনাস্থলে পাম্প ম্যানেজার নাহিদ সর্দার মারা যান। মারাত্মক আহত অবস্থায় জিহাদুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, শনিবার রাতে বাগবিতণ্ডার পরও ওই ট্রাকচালক পাম্পেই অবস্থান করেন। রাত ২টা ১০ মিনিটে ফিলিং স্টেশনের কাজ শেষ করে নিজ বাড়ির উদ্দেশে মোটরসাইকেলযোগে জিহাদুলকে নিয়ে পাম্প থেকে বের হন নাহিদ। সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে তাদের পেছনে ধাওয়া করতে দেখা যায় ট্রাকটিকে। 

এ বিষয়ে তুলারামপুর হাইওয়ে থানার ওসি সেকেন্দর আলী বলেন, ট্রাকচাপায় নিহত ফিলিং স্টেশন ম্যানেজার নাহিদের মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত চালক ও ট্রাকটিকে আটকের চেষ্টা চলছে।