খুলনার রূপসা উপজেলায় নেশার টাকা না পেয়ে মাকে হত্যা করার অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে উপজেলার আইচগাতি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত নারীর নাম নিম্মি বেগম (৫২)। তিনি ওই এলাকার আব্দুস সালামের ভাড়া বাড়িতে বসবাস করতেন। অভিযুক্ত ছেলে নাদিম (২৬) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে জানিয়েছে স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নেশার জন্য মায়ের কাছে ৫০০ টাকা চান নাদিম। টাকা দিতে অস্বীকৃতি জানালে তিনি নোড়া ও লাঠি দিয়ে এলোপাতাড়ি আঘাত করেন। এতে ঘটনাস্থলেই মারা যান নিম্মি বেগম।
ঘটনার পর এলাকাবাসী নাদিমকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে তাকে হেফাজতে নেয়।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রাজ্জাক মীর জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নেশার টাকার জন্যই এ হত্যাকাণ্ড ঘটেছে। বিস্তারিত তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

