ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খুলনায় গুলিবিদ্ধ যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সেও হামলা

খুলনা ব্যুরো
প্রকাশিত: মে ৫, ২০২৬, ০৯:১৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

খুলনায় গুলিবিদ্ধ এক যুবককে ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে আবারও গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। তবে এ ঘটনায় নতুন করে কেউ হতাহত হয়নি।

সোমবার (৪ মে) দিবাগত রাত ২টার দিকে রূপসা উপজেলার কুদির বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গুলিবিদ্ধ রাজু হাওলাদার (৩৮) লবণচরা থানার তালিকাভুক্ত আসামি। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন জেলায় হত্যা, ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। লবণচরা থানায় তার বিরুদ্ধে চারটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা আছে।

সোমবার মহানগরীর লবণচরা থানার কুবা মসজিদসংলগ্ন এলাকায় তাকে লক্ষ্য করে গুলি চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রাজু হাওলাদার লবণচরা থানার শিপইয়ার্ড এলাকার বাসিন্দা। তার বাবার নাম ইউনুস হাওলাদার।

লবণচরা থানার ওসি সৈয়দ মোশারফ হোসেন জানান, উন্নত চিকিৎসার জন্য সোমবার রাতেই পুলিশি পাহারায় রাজুকে ঢাকায় পাঠানো হচ্ছিল। পথে রূপসার কুদির বটতলা এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা অ্যাম্বুলেন্স লক্ষ্য করে গুলি চালায়। পরে কাটাখালী হাইওয়ে থানার সহায়তায় অ্যাম্বুলেন্সটি নিরাপদে সীমানা পার করা হয়।

অ্যাম্বুলেন্স চালক ফারুক জানান, হাসপাতাল থেকে রওনা দেওয়ার পর হঠাৎ করেই আমাদের লক্ষ্য করে গুলি ছোড়া হয়। একটি গুলি গাড়িতে লাগে। তখনই আমি দ্রুত থানায় চলে যাই।

কাটাখালী হাইওয়ে থানার ওসি মো. জাফর আহম্মেদ বলেন, ‘গুলিবিদ্ধ রোগীকে বহনকারী অ্যাম্বুলেন্সে হামলার ঘটনা অত্যন্ত গুরুতর। আমরা তাৎক্ষণিক সহায়তা দিয়ে নিরাপদে তাদের গন্তব্যের পথে পাঠিয়েছি।’

খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মো. রাশেদুল ইসলাম জানান, গুলিবিদ্ধ যুবকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে ঢাকায় পাঠানো হয়েছে। সেখানে প্রিজন সেলে হস্তান্তর করা হবে।