খুলনায় সন্ত্রাসীদের গুলিতে সাগর নামের এক যুবক নিহত হয়েছেন।
রোববার (১৪ ডিসেম্বর) রাতে রূপসা সেতুর পূর্বপাড়ে জাবুসা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে। তিনি গ্রীন বাংলা হাউজিংয়ের বাসিন্দা ফায়েক শেখের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রোববার রাত সাড়ে ১০টার দিকে সাগর বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে কয়েক যুবক তার গতিরোধ করে গুলি করতে থাকে। একটি গুলি তার মাথায় এবং অন্যটি হাঁটুতে লাগে। গুলির শব্দে আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে। পরে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রূপসা থানার ওসি আবদুর রাজ্জাক মীর বলেন, কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। সিসিটিভির ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। পুলিশ অপরাধীদের ধরতে মাঠে আছে।


