ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

হাদি হত্যার প্রতিবাদে গর্জে উঠল কিশোরগঞ্জ

তাড়াইল (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২৫, ০৪:৫৮ পিএম
হাদি হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইলে বিক্ষোভ মিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যার প্রতিবাদে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা উত্তাল, গর্জে উঠেছে জনতা। হাদি হত্যাকাণ্ডের বিচার দাবিতে দল-মতের ঊর্ধ্বে উঠে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদে ফেটে পড়েন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটের দিকে তাড়াইলে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে অংশগ্রহণকারী বিএনপি, জামায়াতে ইসলামী, এনসিপি, ইসলামী আন্দোলন, খেলাফত মজলিস ও গণ-অধিকার পরিষদের নেতাকর্মীরা হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তাড়াইল উপজেলার প্রধান সড়ক থেকে শুরু হওয়া মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিলজুড়ে ছিল ক্ষোভে ফেটে পড়া স্লোগান, ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘আমরা সবাই হাদি হব, হাদি হত্যার বদলা নেব’।

পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন প্রতিবাদী কণ্ঠ। তাকে গুলি করে হত্যা করা মানে স্বাধীন মতপ্রকাশ ও ন্যায়বিচারের কণ্ঠ রোধ করার ঘৃণ্য চেষ্টা। এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি রাষ্ট্রীয় ব্যর্থতার নগ্ন বহিঃপ্রকাশ।

নেতারা ক্ষোভের সঙ্গে বলেন, ঘটনার পর পর্যাপ্ত সময় পার হলেও দৃশ্যমান অগ্রগতি না থাকায় জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে। অবিলম্বে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করা হলে এই প্রতিবাদ সারা দেশে দাবানলের মতো ছড়িয়ে পড়বে—এমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করা হয়।

বিক্ষোভকারীরা প্রশ্ন তোলেন, ‘আজ হাদি, কাল কে?’—এই প্রশ্নের জবাব না পাওয়া পর্যন্ত রাজপথ ছাড়বেন না বলে ঘোষণা দেন তারা।

বিক্ষোভকে ঘিরে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো।