কিশোরগঞ্জের ভৈরবে পুলিশকে মারধর করে তাদের হাত থেকে সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী সোহাগকে (৫০) ছিনিয়ে নিয়েছে তার অনুসারীরা। এ ঘটনায় সোহাগ কাউন্সিলরসহ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
শুক্রবার (২ জানুয়ারি) রাতে ভৈরব থানার এসআই শাহাদাত হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (১ জানুয়ারি) দিবাগত রাতে ভৈরব থানার এসআই শাহাদাত হোসেন কিলো-৯ এলাকায় ডিউটি পালনকালে গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন যে, গাছতলাঘাট মাছ বাজার সংলগ্ন এলাকায় সোহাগ কাউন্সিলর ও তার অনুসারীরা অবস্থান করছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলার আসামি হওয়ায় এসআই শাহাদাত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে সোহাগ কাউন্সিলরকে গ্রেপ্তার করা হলে তার অনুসারীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়।
এ সময় সোহাগ কাউন্সিলরের অনুসারীদের হামলায় এসআই শাহাদাত হোসেন, এসআই আসিবুল হক ভূঁইয়া ও এসআই জহুরুল ইসলাম আহত হন। এ ঘটনায় ভৈরব থানা পুলিশ ১০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০-১৫ জনসহ মোট ২৫ জনের বিরুদ্ধে মামলা করে।
মামলার নামীয় আসামিরা হলেন— গাছতলাঘাট এলাকার সাবেক কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ (৪৭), তার সহধর্মিণী শামীমা আক্তার (৩৫), মো. উজ্জ্বল মিয়া (২৭), উজ্জ্বল মিয়া (২২), ফরহাদ মিয়া (২৭), নাদিম মিয়া (২৩), রাকিব ওরফে চাতমী রাকিব (২৪), জনি মিয়া (২৩), কায়েফ (২০) ও সুমন মিয়া (৪৫)।
এ বিষয়ে ভৈরব থানার এসআই শাহাদাত হোসেন বলেন, সোহাগ কাউন্সিলর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুটি মামলার আসামি। তাকে গ্রেপ্তারের সময় আমারসহ আরও দুইজন এসআই আহত হন। পরে আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিই।
ভৈরব থানার ওসি মো. আতাউর রহমান আকন্দ বলেন, ভৈরবে ‘ডেভিল হান্ট অপারেশন ফেজ-২’ পরিচালনা করা হচ্ছে। এ অভিযানে চিহ্নিত আওয়ামী লীগের একাধিক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোহাগ কাউন্সিলর আওয়ামী লীগের একজন সক্রিয় নেতা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন হামলার ঘটনায় তার সম্পৃক্ততার তথ্য আমাদের কাছে রয়েছে।
তিনি আরও বলেন, সোহাগ কাউন্সিলরকে গ্রেপ্তারের সময় তার সহযোগীরা পুলিশের কাজে বাধা দিয়ে হামলা চালায়। এতে থানার তিনজন এসআই আহত হন। এ ঘটনায় মামলা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন