ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বৃহস্পতিবার কিশোরগঞ্জ আসছেন মামুনুল হক

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদীর পক্ষে নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় কিশোরগঞ্জ শহরের আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হবে।

রিকশা প্রতীকের সমর্থনে আয়োজিত এই নির্বাচনি সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। আয়োজকেরা আশা করছেন, এ সমাবেশে কিশোরগঞ্জসহ আশপাশের উপজেলার বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ঘটবে।

সমাবেশকে কেন্দ্র করে ইতোমধ্যে এলাকায় ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে কিশোরগঞ্জ শহরের শোলাকিয়া এলাকায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সমাবেশের সার্বিক প্রস্তুতি, লক্ষ্য ও কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করেন কিশোরগঞ্জ-১ আসনের প্রার্থী মুফতি হেদায়াতুল্লাহ হাদী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে ন্যায়ভিত্তিক রাজনীতি, ইসলামী মূল্যবোধ এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ১১ দলীয় ঐক্য কাজ করছে। এই নির্বাচনি সমাবেশ জনগণের মাঝে সেই বার্তা পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ ধাপ। তিনি সমাবেশ সফল করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস কাসেমী, কিশোরগঞ্জ সদর উপজেলার দায়িত্বশীল মাওলানা আশরাফ আলী ও হোসেনপুর উপজেলার সভাপতি মাওলানা আবুল কালাম আজাদী।

এ ছাড়া সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস কিশোরগঞ্জ জেলা শাখার সহসভাপতি মো. মুজাক্কির হুসাইন এবং বায়তুল মাল সম্পাদক মো. বরকত উল্লাহ।

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে বলেন, আসন্ন নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনকে ন্যায়, ইনসাফ ও জনকল্যাণমূলক রাজনীতির মডেল হিসেবে গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। তারা আশা প্রকাশ করেন, বৃহস্পতিবারের নির্বাচনি সমাবেশ জনগণের ব্যাপক উপস্থিতিতে একটি ঐতিহাসিক সমাবেশে রূপ নেবে।