ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘মার্কিন নাগরিক কিভাবে ভোট কেন্দ্রে প্রবেশ করে!’

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৯:১৪ এএম
ছবি : রূপালী বাংলাদেশ

‘আমি জানি না আমার বক্তব্য প্রশাসন শুনছে কি না। এই কথাটা না বললেই নয়। মার্কিন নাগরিক অবৈধভাবে ভোট কেন্দ্রে গেছে এই প্রশ্নও আমি তুলব। আমি নির্বাচন কমিশনে লিখিতভাবে প্রশ্ন রাখব। পুলিশ প্রটোকল কিভাবে পেয়েছে সেটাও তুলে ধরব।

এইগুলোর জন্য আপনারা প্রস্তুত থাকুন। আমি বারংবার প্রশাসনকে জানিয়েছি, কিন্তু কোনো প্রতিকার করা হয়নি। পক্ষপাতমূলক আচরণেরও জবাব দিতে হবে, ইনশাআল্লাহ।’

শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে বাজিতপুর সদরের বাঁশমহল মাঠে নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদা।

তিনি বলেন, সেনাবাহিনী চলে যাবে দুই দিন পর। তারা ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে এসেছেন। তাদের ভূমিকাও আমরা দেখেছি। বেশকিছু জায়গায় পক্ষপাতমূলক আচরণ করেছেন। আমাদের যা অভিযোগ আছে, তা লিখিতভাবে সঠিক জায়গায় তুলে ধরব। যারা নির্বাচন পরিচালনা করেছে, তারা কীভাবে কাজ করেছেন, আমরা জানি।

সৈয়দ এহসানুল হুদা আরও বলেন, এসিল্যান্ড সাহেব এখনও ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় আছেন। আমার চোখের সামনে এখনও পিভিসি ব্যানার ঝুলছে। আমরা এই বিষয়েও আপত্তি জানিয়েছিলাম। নির্বাচন শেষ হলেও প্রশাসনের নজর ছিল না। আচরণ বিধি লঙ্ঘন করা হয়েছে। আমার আপত্তি তুলতে হবে কেন, আপনি কোথায় ছিলেন, আপনি কী করেছেন এসবের উত্তর দিতে হবে।

তিনি যোগ করেন, আগামীতে বিএনপি সরকার গঠন করবে। বিএনপির নেতাকর্মীদের ওপর কোনো অন্যায় বা অত্যাচার যেন না হয়, সে ব্যাপারে প্রশাসন খেয়াল রাখবে। আমরা আইন নিজ হাতে নিতে চাই না।

বাংলাদেশের জনগণের জানমাল রক্ষার দায়িত্ব প্রশাসনের। এই দায়িত্ব তারা যথাযথভাবে পালন করবে বলে আমরা প্রত্যাশা করি। সকল নাগরিকের আত্মরক্ষার অধিকার আছে। যদি আমাকে হামলা বা হত্যা করার চেষ্টা করা হয়, আমরা সঙ্ঘবদ্ধভাবে প্রতিরোধ করব।

প্রতিবাদ সমাবেশে জানানো হয়, ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে হাঁস প্রতীকের স্বতন্ত্র প্রার্থী বাজিতপুর উপজেলা বিএনপির বহিস্কৃত সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল, বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এহসানুল হুদাকে হারানোর পর থেকে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) এলাকায় বিএনপির নেতাকর্মীর ওপর ও যুবদলের অফিসসহ বাড়ি-ঘরে হামলার অভিযোগ রয়েছে।

সমাবেশে নিকলী উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট বদরুল মোমেন মিঠু, সাধারণ সম্পাদক এম এ হেলিম, বাজিতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মামুন, পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, বাজিতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি কাইয়ুম খান হেলাল বক্তব্য রাখেন।