কিশোরগঞ্জে পুলিশের এক বিশেষ অভিযানে ইয়াবাসহ আ. মান্নান (৩৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কামাল ভূঞা বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে সোমবার রাতে সদর উপজেলার জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে থেকে তাকে আটক করা হয়। আটককৃত আ. মান্নান কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জালুয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তিনি এলাকার তালিকাভুক্ত একজন শীর্ষ মাদক কারবারি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর মডেল থানার এসআই মামুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল সোমবার রাতে জালুয়াপাড়া এলাকায় ফাল্গুনী সিনেমা হলের সামনে অবস্থান নেয়।
দীর্ঘ নজরদারির পর অত্যন্ত সতর্কতার সঙ্গে অভিযান পরিচালনা করা হয়। পুলিশ দেখে আ. মান্নান পালানোর চেষ্টা করলে চারদিক থেকে ঘেরাও করে তাকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ৩৯ পিস ইয়াবা জব্দ করা হয়।
অভিযান পরিচালনাকারী এসআই মামুনুর রশিদ জানান, আটককৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিলেন এবং তরুণ সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছিলেন। মাদকমুক্ত পরিবেশ বজায় রাখতে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আবুল কামাল ভূঞা বলেন, মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কিশোরগঞ্জ সদর থানা পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে জালুয়াপাড়া এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী মান্নানকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন