সরকারের সিদ্ধান্ত অনুযায়ী কিশোরগঞ্জ জেলায় আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ কার্যক্রম। রোববার (৩ মে) দুপুরে জেলার অষ্টগ্রাম উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করা হয়।
জানা যায়, চলতি মৌসুমে কিশোরগঞ্জ জেলায় মোট ১৮ হাজার ৩৩০ মেট্রিক টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে অষ্টগ্রাম উপজেলায় সংগ্রহ করা হবে ২ হাজার ৫৭০ মেট্রিক টন ধান।
আজ থেকে শুরু হয়ে এ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে।
সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধান ৩৬ টাকা দরে ক্রয় করা হবে, যা প্রতি মণে ১ হাজার ৪৪০ টাকা। তবে ভেজা বা নিম্নমানের ধান গ্রহণ করা হবে না বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। একজন কৃষক সর্বোচ্চ ৭৫ মণ পর্যন্ত ধান বিক্রি করতে পারবেন।
কৃষকদের সুবিধা নিশ্চিত করতে পুরো অর্থ লেনদেন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে করা হবে। ফলে সরাসরি নগদ লেনদেনের সুযোগ থাকছে না, যা স্বচ্ছতা নিশ্চিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া শুধু কৃষক কার্ডধারীরাই নয়, কৃষি অফিসের প্রস্তুতকৃত তালিকার ভিত্তিতেও কৃষকদের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহ করা হবে। এতে প্রকৃত কৃষকেরা ন্যায্যমূল্যে ধান বিক্রির সুযোগ পাবেন বলে আশা করা হচ্ছে।


