ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চোর সন্দেহে অজ্ঞাত যুবককে পিটিয়ে হত্যা

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৩:২৯ পিএম
অজ্ঞাতপরিচয় যুবককে পিটিয়ে হত্যা। ছবি : সংগৃহীত

কুড়িগ্রামে চোর সন্দেহে এক অজ্ঞাতপরিচয় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (১০ জানুয়ারি) সকালে কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের কাচ্চির ফারাজি পাড়া গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে ওই যুবক ফারাজি পাড়া এলাকায় চুরি করতে আসেন বলে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেয়ে তাকে আটক করেন। পরে স্থানীয় লোকজন তাকে মারধর করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।

কুড়িগ্রাম সদর থানার ওসি জাহাঙ্গীর আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত যুবকের নাম-পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।