ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামায়াতকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ০৯:৩৫ পিএম
জামায়াতে ইসলামীর জনসভায় গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। ছবি : রূপালী বাংলাদেশ

কুড়িগ্রাম-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থন জানিয়ে নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা।

রোববার (৮ ফেব্রুয়ারি) কুড়িগ্রামের নাগেশ্বরী ডি এম একাডেমি ফুটবল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর এক জনসভায় আনুষ্ঠানিকভাবে তিনি এই ঘোষণা দেন।

দুপুর থেকেই হাজার হাজার নেতাকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে জনসভাস্থল কানায় কানায় ভরে যায়। জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কুড়িগ্রাম জেলা শাখার আমির আজিজুর রহমান সরকার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাবেক আমির আব্দুল মতিন ফারুকী।

এ সময় মঞ্চে উপস্থিত হয়ে বক্তব্য দেন গণঅধিকার পরিষদের প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। তিনি জামায়াত প্রার্থী আনোয়ারুল ইসলামকে সমর্থনের ঘোষণা দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা জানান।

বক্তারা তাদের বক্তব্যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, দেশ পরিচালনার ভবিষ্যৎ রূপরেখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন। পাশাপাশি ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ভোটারদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

আয়োজকদের দাবি, এই জনসভা জনগণের ব্যাপক সাড়া ও আগ্রহের প্রতিফলন। নির্বাচন যত ঘনিয়ে আসছে, ততই কুড়িগ্রামের রাজনৈতিক অঙ্গন আরও সরগরম হয়ে উঠছে।

উল্লেখ্য, কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে মোট ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে কুড়িগ্রাম-১ আসনে রয়েছেন ছয়জন প্রার্থী।