কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলায় উচ্ছেদ অভিযানে অবৈধ দখলে থাকা ৭০ শতক সরকারি খাস জমি উদ্ধার করেছে প্রশাসন। বৃহস্পতিবার (৯ এপ্রিল) জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, উপজেলার বুড়াবুড়ি হাট এলাকার পেরিফেরিভুক্ত ২৪৬৮ দাগে ৬৫ শতক এবং ২৪৭১ দাগে ৫ শতক জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখলে ছিল। অভিযানের মাধ্যমে এসব জমি দখলমুক্ত করা হয়। উদ্ধারকৃত জমির আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ কোটি ৫০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ বি এম মেজবাহ উদ্দিন আহমেদ। এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।
জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি সম্পত্তি অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন