দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের প্রকাশ্য মিছিল, নৈরাজ্য সৃষ্টি এবং অপতৎপরতা বৃদ্ধির অভিযোগে প্রতিবাদ জানিয়ে কুড়িগ্রামের উলিপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উলিপুর উপজেলা ও পৌর শাখা।
বুধবার (১০ জুন) বিকেল সাড়ে ৩টায় উলিপুর পৌর শহরের শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়, পুরাতন বাসস্ট্যান্ডসহ প্রধান প্রধান সড়ক ঘুরে পৌর শহরের প্রাণকেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তারা অভিযোগ করে বলেন, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে প্রকাশ্যে মিছিল ও সংগঠিত কর্মকাণ্ড পরিচালনা করছে, যা দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির জন্য হুমকি হয়ে উঠছে। তারা এ ধরনের কর্মকাণ্ড প্রতিরোধে প্রশাসনের কার্যকর ভূমিকা কামনা করেন এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সভায় বক্তব্য রাখেন উলিপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক খোকন, উলিপুর পৌর ছাত্রদলের সদস্য সচিব সবুজ মাহমুদ, উলিপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব খাইরুল খান নিরব, সাবেক জিএস রংপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউট ও সাবেক ছাত্র নেতা ফিরোজ কবির কাজল, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন এবং নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে তাদের অবস্থান তুলে ধরেন।
বক্তারা বলেন, গণতান্ত্রিক রাজনৈতিক পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে তারা দেশের শান্তি-শৃঙ্খলা ও স্থিতিশীলতা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
পথসভা শেষে নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি সমাপ্ত করেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন