কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা আশা প্রকাশ করেছেন, আগামী ৯ দিন পর ইনশাআল্লাহ বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে সদর আসনের নির্বাচনি প্রচারের সময় নারীদের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।
আমির হামজা বলেন, আমাদের আমিরের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে, অ্যাকাউন্ট হ্যাকের মাধ্যমে মেয়েদের চরিত্র হননের চেষ্টা চালানো হয়েছে। তবে আশা করছি, ৯ দিন পর ইনশাআল্লাহ ডা. শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবেন।
তিনি বলেন, আমরা আগামীতে দেখব, ইনশাআল্লাহ জামায়াতে ইসলামী রাষ্ট্রক্ষমতায় আসবে। ডা. শফিকুর রহমান মানবিক, নৈতিকতাসম্পন্ন, সকলের জন্য সমান দৃষ্টি রাখেন। তার নেতৃত্বে সবাই শান্তিতে থাকতে পারবে।
শিশু ও নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, মেয়েরা যেন নিরাপদে বাড়িতে বসে সম্মানজনক কাজ করতে পারে। হস্তশিল্প শেখানোসহ আয়ের সুযোগ করে দেওয়া হবে, যাতে পরিবারও সুসংহত থাকে।
আমির হামজা ভোটারদের উদ্দেশে বলেন, দাঁড়িপাল্লায় ভোট দিন এবং দেশের নিরাপত্তা নিশ্চিত করতে ‘হ্যাঁ’ ভোট দিন। কিছুদিন কষ্ট করলে আল্লাহর ইচ্ছা হলে শান্তির সূর্য দেখব। সঠিক সময়ে কাজ না করলে জীবনে আফসোস হবে।
তিনি কুষ্টিয়া জেলায় সন্ত্রাসী কার্যকলাপ নিয়েও মন্তব্য করে বলেন, আমরা চাই সন্ত্রাসীদের কার্যক্রম বন্ধ হোক। ঘরের দরজা খুলে নিরাপদে ঘুমাতে সবাই সক্ষম হোক।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন