ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০১:০৫ এএম
ফাইল ছবি

কুষ্টিয়া-২ আসনের একটি ভোটকেন্দ্র থেকে দুটি সিসি ক্যামেরা চুরির ঘটনা ঘটেছে। ভোটকেন্দ্রটি মিরপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থিত।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে চুরির বিষয়টি টের পেয়ে বিদ্যালয় কর্তৃপক্ষ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানায়। এ ঘটনায় মিরপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জানা গেছে, সোমবার দিবাগত রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বিদ্যালয় ভবনে প্রবেশ করে স্থাপন করা দুটি সিসি ক্যামেরা খুলে নিয়ে যায়। মঙ্গলবার সকালে বিদ্যালয় খুললে বিষয়টি নজরে আসে।

মিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নাজমুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকালে বিদ্যালয় কর্তৃপক্ষ চুরির বিষয়টি জানায়। আগামীকাল (বুধবার) সকালে একই স্থানে নতুন করে সিসি ক্যামেরা স্থাপন করা হবে।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, চুরির ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোজাম্মেল হক থানায় সাধারণ ডায়েরি করেছেন। এখন পর্যন্ত চুরি যাওয়া ক্যামেরা উদ্ধার করা সম্ভব হয়নি। এ ঘটনায় কাউকে গ্রেপ্তারও করা যায়নি।

ভেড়ামারা ও মিরপুর উপজেলা নিয়ে কুষ্টিয়া-২ সংসদীয় আসন গঠিত। মিরপুর উপজেলায় মোট ১১৪টি ভোটকেন্দ্র রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনের মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৮ হাজার ১ জন।