কুষ্টিয়া শহরের পূর্ব মজমপুর এলাকায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে শাহ জামাল (৫৯) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে ‘নাসির ডাক্তারের গলি’ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন। স্থানীয়রা আহত ব্যক্তিকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
নিহত শাহ জামালের বাড়ি কুড়িগ্রাম জেলার চর শিতাইঝাড় গ্রামে। তিনি ঠিকাদারি কাজের সূত্রে কুষ্টিয়ার পুলিশ লাইন্সের সামনে ভাড়া বাসায় থাকতেন।
এলাকাবাসী জানান, সাদ্দাম বাজার থেকে উদিবাড়ি যাওয়ার পথে পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলির রেলক্রসিংটিতে কোনো গেট বা গেটম্যান নেই। সকালে মোটরসাইকেলটি রেললাইন পার হওয়ার সময় হঠাৎ মধুমতি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী থেকে ঢাকাগামী পথে এসে পড়ে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই শাহ জামালের মৃত্যু হয়।
পোড়াদহ জিআরপি থানার এসআই নাছির উদ্দীন বলেন, রেলগেট ও গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মোটরসাইকেলটি রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের নিচে চাপা পড়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন