ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কুষ্টিয়ায় নদীতে গোসলে নেমে নিখোঁজ ৪ শিশু, জীবিত উদ্ধার ২

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৭, ২০২৬, ০৮:৪০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

কুষ্টিয়ার খোকসা উপজেলার গড়াই নদীতে গোসলে নেমে চার শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। স্থানীয়দের সহায়তায় দুইজনকে জীবিত উদ্ধার করা হলেও এখনো দুই শিশু নিখোঁজ রয়েছে।

শনিবার (৭ মার্চ) দুপুরে গড়াই নদীর খোকসা-ওসমানপুর খেয়াঘাটের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নদীতে গোসলে নামার পর চার শিশু স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়। খেয়াঘাটের ডিঙ্গি নৌকার মাঝিরা দ্রুত এগিয়ে গিয়ে দুই কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেন। তবে ফারুকের মেয়ে তাইফা (৭) ও সোহেলের মেয়ে সুরাইয়া (৮) নদীর পানিতে তলিয়ে যায়। নিখোঁজ দুই শিশুই খোকসা উপজেলার ওসমানপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের বাসিন্দা।

শিশুদের নিখোঁজ হওয়ার খবর পেয়ে খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নদীতে মাছ ধরার জাল নামিয়ে তল্লাশি শুরু করে।

উদ্ধার হওয়া শিশুরা জানায়, তারা চারজন একসঙ্গে নদীতে গোসলে নেমেছিল। সাঁতার কেটে নদীর মাঝখানে জেগে ওঠা একটি চরে যাওয়ার সময় নদীর স্রোতে তারা ভেসে যায়। তখন তারা সবাই ডাঙায় ওঠার চেষ্টা করছিল।

খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইউনিটের লিডার রওশন আলী জানান, উদ্ধার হওয়া শিশুদের তথ্য অনুযায়ী এখনও দুই শিশু নিখোঁজ রয়েছে। এরই মধ্যে নিখোঁজ এক শিশুর পায়জামা নদীতে ভেসে উঠেছে। খুলনা থেকে ডুবুরি দল রওনা হয়েছে। আলো ব্যবস্থা করা গেলে উদ্ধার অভিযান আরও জোরদার করা হবে।