লক্ষ্মীপুরে শুভ পোদ্দার নামে এক স্বর্ণ ব্যবসায়ীর মুখ বেঁধে প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। যাত্রীবেশে এক নারী ও এক পুরুষ সিএনজিচালিত অটোরিকশায় উঠে এ ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় অটোরিকশাচালকও জড়িত থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের পিয়রাপুর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শুভ পোদ্দার কমলনগর উপজেলার হাজির হাট বাজারের ওয়েলকাম জুয়েলার্সের স্বত্বাধিকারী।
শুভ পোদ্দার জানান, তিনি প্রায় ৪০ ভরি স্বর্ণ নিয়ে সদর উপজেলার চন্দ্রগঞ্জ বাজারে যান। সেখানে একটি স্বর্ণের দোকানে ১০ ভরি স্বর্ণ বিক্রি করেন। বিক্রির বিপরীতে পাওয়া ২১ লাখ টাকার একটি চেক এবং অবশিষ্ট ৩০ ভরি স্বর্ণ নিয়ে তিনি চন্দ্রগঞ্জ থেকে রওনা হন।
ঘটনার সময় তিনি একটি অপরিচিত সিএনজিচালিত অটোরিকশায় করে জেলা শহর থেকে হাজির হাটের উদ্দেশে যাত্রা করেন। ওই অটোরিকশায় যাত্রীবেশে আরও একজন নারী ও একজন পুরুষ ওঠেন।
পিয়রাপুর এলাকায় পৌঁছালে ওই নারী ও পুরুষ তার মুখ বেঁধে ফেলে এবং একপর্যায়ে তার সঙ্গে থাকা প্রায় ৩০ ভরি স্বর্ণালংকার ছিনতাই করে নিয়ে যায় বলে অভিযোগ করেন শুভ পোদ্দার। তবে দুর্বৃত্তরা তার পকেটে থাকা স্বর্ণ বিক্রির ২১ লাখ টাকার চেক নেয়নি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
জেলা বাজুসের সভাপতি সমীর কর্মকার বলেন, স্বর্ণ ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে। এ ধরনের ঘটনায় স্বর্ণ ব্যবসায়ীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও তিনি মন্তব্য করেন।
সদর মডেল থানার ওসি ওয়াহিদ পারভেজ বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্তাধীন রয়েছে। এ বিষয়ে পুলিশ কাজ করছে।’

-20260104114000.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন