ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সেপটিক ট্যাংকে মিলল হাত-পা বাঁধা কলেজছাত্রের মরদেহ 

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ১২:১৫ পিএম
নিহত কলেজছাত্র ফজলে রাব্বি। ছবি : রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে নিখোঁজের সাত দিন পর হাত-পা বাঁধা অবস্থায় ফজলে রাব্বি (২২) নামে এক কলেজছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নের চন্দ্রপ্রভাবাঘ গ্রামের শেখের বাড়ির একটি সেপটিক ট্যাংক থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত ফজলে রাব্বি সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের পূর্ব আলাদাদপুর গ্রামের সৈয়দ মিয়া পাটওয়ারী বাড়ির বেল্লাল হোসেনের ছেলে ও চন্দ্রগঞ্জ কফিল উদ্দিন ডিগ্রি কলেজের সম্মানবর্ষের ছাত্র ছিলেন।

পরিবারের বরাত দিয়ে জানা গেছে, গত ১৮ জানুয়ারি রাতে চন্দ্রগঞ্জ থেকে উত্তর জয়পুর ইউনিয়নের চৌপল্লি বাজারে গিয়েছিলেন রাব্বি। এরপর থেকে তার খোঁজ মিলছিল না। পরদিন তার বাবা চন্দ্রগঞ্জ থানায় নিখোঁজ ডায়েরি (জিডি) করেন।

পুলিশ জানায়, মরদেহটি অর্ধগলিত হওয়ায় শরীরে আঘাতের চিহ্ন স্পষ্ট নয়। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে সেপটিক ট্যাংকে ফেলে দিয়েছে। এ ঘটনায় শনিবার রাতে নিহত কলেজছাত্রের বাবা একটি মামলা করেছেন।

চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, যেখান থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে, সেখানে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। স্থানীয়রা কৌতূহলবশত দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতরে মরদেহটি দেখতে পান। আমরা শিগগিরই একটি সংবাদ সম্মেলনে ঘটনার বিস্তারিত জানাব।