লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষিত বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এতে অংশ নেওয়া ১০ প্রতিষ্ঠানের বেকার যুবকরা তাদের সিভি জমা দেওয়ার মাধ্যমে চাকরি পাবেন।
রোববার (২৫ জানুয়ারি) দিনব্যাপী শহরের বাইশমারা এলাকায় অবস্থিত ক্যাম্পাসের মাঠে এসেট প্রকল্পের অর্থায়নে এ মেলার আয়োজন করা হয়।
পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রদীপ্ত খীসার সভাপতিত্বে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইউছুফ। পরে অতিথিরা মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর স্টল পরিদর্শন করেন।
এতে বিশেষ অতিথি ছিলেন পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও মেলার কোঅর্ডিনেটর দেবব্রত কুমার নাথ, সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আনোয়ার হোসেন, বিসিক শিল্পনগরী লক্ষ্মীপুরের উপব্যবস্থাপক ফজলুল করিম প্রমুখ।
মেলায় বিল্ডিং ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট, হোলসিম বাংলাদেশ পিএলসি, এএমআর আর্কিটেক্ট অ্যান্ড কনস্ট্রাকশন, বিডি কলিং আইটি, এনজিএস সিমেন্টসহ ১০ প্রতিষ্ঠান অংশ নেয়।
প্রধান অতিথি প্রফেসর মো. ইউছুফ বলেন, জব ফেয়ার অনুষ্ঠানটি দারুণ আয়োজন। এতে শিক্ষিত বেকার যুবকরা কর্মমুখী হবে। তারা উদ্দীপ্ত হবে পরের বছর নিজেদের এসব কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন