ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নতুন ইতিহাস সৃষ্টি হবে : এ্যানি

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০১:৩৪ পিএম
লক্ষ্মীপুর পৌরসভার ২ ও ১৪ নম্বের ওয়ার্ডে গণসংযোগকালে কথা বলেন শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সংগৃহীত

একটি দলের এবং একটি পরিবার, জিয়া পরিবারের একজন প্রেসিডেন্ট ছিলেন, একজন তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। ১২ ফেব্রুয়ারি যদি আরেকজন প্রধানমন্ত্রী হন, বিশ্বের ইতিহাসে এটি বিরল। এটি নতুন ইতিহাস এবং নতুন দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর পৌরসভার ২ ও ১৪ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এ কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আজকে রাষ্ট্রপতি জিয়া এবং খালেদা জিয়া নেই। তারেক রহমান উনাদের জ্যেষ্ঠ সন্তান, দীর্ঘদিন অত্যাচার-নির্যাতিত হয়ে নির্বাসিত ছিলেন। দেশে আসার পর লাখো মানুষের সামনে ১৫ মিনিটের বক্তব্য দিয়েছেন।

আল্লাহর সাহায্য চেয়েছেন, মায়ের জন্য দোয়া চেয়েছেন এবং হজরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার আলোকে কীভাবে দেশের সেবা করবেন, মানুষের সেবা করবেন, সেই দোয়া কামনা করেছেন, সহযোগিতা চেয়েছেন। রাষ্ট্রপতি জিয়া যেভাবে গণমানুষের নেতা হিসেবে গ্রামে গ্রামে ঘুরেছেন, তিনিও পিতার মতো, মায়ের মতো গ্রামে গ্রামে ঘুরছেন এবং মানুষের দোরগোড়ায় যাচ্ছেন।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি যদি আমরা সবাই মিলে ধানের শীষে ভোট দিই, তাহলে তারেক রহমান দেশের প্রধানমন্ত্রী হবেন।

এ সময় জেলা বিএনপির সদস্য সচিব সাহাবুদ্দিন সাবু, সদস্য নিজাম উদ্দিন ভূঁইয়া, আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, বিএনপি নেতা ইমতিয়াজ আনাম প্রমুখ উপস্থিত ছিলেন।