বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর-৩ আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমরা কখনোই প্রতিশোধমূলক, প্রতিহিংসামূলক চিন্তা রাজনৈতিক জীবনে করিনি। জনগণের পাশে থেকে রাজনীতি করেছি। আমরা কখনও হুঙ্কার দিয়ে রাজনীতি করি না।
শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নির্বাচনি এলাকার ভবানীগঞ্জ, লাহারকান্দি, তেওয়ারীগঞ্জ ও কুশাখালী ইউনিয়নের ব্যানারে এই জনসভার আয়োজন করা হয়।
শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, আমরা কখনো আস্ফালন বা লম্ফঝম্প দেখিয়ে রাজনীতি করিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মানুষকে যেভাবে শ্রদ্ধা ও সম্মান দেখিয়েছেন, আমিও সাধারণ মানুষকে সেই সম্মান ও সমীহের জায়গায় রেখেই রাজনীতি করি।
তিনি বলেন, জামায়াতের একটি নির্বাচনি সমাবেশেও লক্ষ্মীপুরের উন্নয়ন কিংবা মানুষের ভাগ্য পরিবর্তনের কোনো কথা শোনা যায়নি। সন্ত্রাসমুক্ত, মাদকমুক্ত, সুন্দর ও সচেতন আধুনিক লক্ষ্মীপুর গড়ার প্রতিশ্রুতি না দিয়ে সেখানে হুঙ্কার, আস্ফালন ও হুমকি দেওয়া হয়েছে।
এ্যানি আরও বলেন, ৫ আগস্টের পর দেশের মানুষ প্রত্যাশা করে—সব রাজনৈতিক দল ও নেতারা যেন হুমকি, ধমকি বা ঔদ্ধত্যপূর্ণ আচরণ পরিহার করেন। মানুষ গঠনমূলক রাজনীতি দেখতে চায়। তারা চায় বাংলাদেশ নতুনভাবে গড়ে উঠুক, একটি সুন্দর ও বাসযোগ্য দেশ হিসেবে নির্মিত হোক।
জনসভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দীন চৌধুরী হ্যাপি, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি হাফিজুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান এবং বিএনপি নেতা জিয়া উদ্দীন চৌধুরী আরিফসহ স্থানীয় নেতারা।


