ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

স্বাধীনতার সময় জামায়াতের ইনসাফ ছিল না, ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ : এ্যানি

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৬, ০৭:১৭ এএম
শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী। ছবি : সংগৃহীত

বিএনপির যুগ্ম মহাসচিব ও লক্ষ্মীপুর–৩ (সদর) আসনের ধানের শীষের প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি জামায়াতে ইসলামীর সমালোচনা করে বলেছেন, ন্যায়–ইনসাফ ও কল্যাণ রাষ্ট্রের কথা বললেও স্বাধীনতার সময় দলটির ভূমিকা ছিল প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, যেভাবে গায়ে পড়ে ঝগড়া–বিবাদ করা হচ্ছে, তা ভালো নয় এবং মানুষ এটি পছন্দ করে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গণমিছিলের আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ্যানি বলেন, ইনসাফের রাজনীতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান করেছেন এবং কল্যাণের রাজনীতি করেছেন বেগম খালেদা জিয়া। তাঁর দাবি, বিএনপির রাজনীতি মানুষের কল্যাণ ও ন্যায়ের ওপর ভিত্তি করেই পরিচালিত হয়েছে।

তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম বাংলাদেশের সংবিধানে ‘বিসমিল্লাহির রাহমানির রাহিম’ সংযোজন করেন এবং আলেম–ওলামাদের সম্মান দিয়েছেন। বেগম খালেদা জিয়াও একইভাবে ধর্মীয় মূল্যবোধকে সম্মান করেছেন বলে মন্তব্য করেন তিনি।

এ্যানি বলেন, তারেক রহমানের নেতৃত্বে ইনসাফ, কল্যাণ, সাম্য ও ন্যায়ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে তোলা হবে। একই সঙ্গে উন্নয়নের ধারাও অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বক্তব্য শেষে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির নেতৃত্বে হাজারো নেতা–কর্মীর অংশগ্রহণে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঝুমুর এলাকায় গিয়ে শেষ হয়।

গণমিছিলে জেলা বিএনপির সদস্যসচিব সাহাবুদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা–কর্মী অংশ নেন।