ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কেন্দ্র রেখে জামায়াত নেতার বাড়িতে খেতে গিয়ে আটক ২ প্রিসাইডিং কর্মকর্তা

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৭:২৬ এএম

লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র রেখে রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যাওয়ার অভিযোগে সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এক পোলিং কর্মকর্তাকে আটক করা হয়েছে। 

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে তাদের আটক করে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়।

আটক দুজন হলেন—সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এম এ ওসমানী এবং পোলিং কর্মকর্তা মো. ইকবাল হোসেন।  তারা লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের নলঠগি মদিনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছিলেন। এম এ ওসমানী গন্ধর্বপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক এবং মো. ইকবাল হোসেন দক্ষিণ টুমচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

বিষয়টি নিশ্চিত করে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, আটক ব্যক্তিরা বর্তমানে চন্দ্রগঞ্জ থানা পুলিশের হেফাজতে রয়েছেন।

জেলা পুলিশ সূত্র জানায়, ভোটকেন্দ্রে দায়িত্ব রেখে রাতে স্থানীয় এক জামায়াত নেতার বাড়িতে খাবার খেতে যান ওই দুই কর্মকর্তা।  গোপন সংবাদের ভিত্তিতে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ক্যাথোয়াইপ্রু মারমা তাদের আটক করেন। তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ আনা হয়েছে।

প্রসঙ্গত, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতে ইসলামীর প্রার্থী রেজাউল করিমসহ মোট ছয়জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।