লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চাচাতো ভাইকে গলাকেটে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৬ মার্চ) দুপুরে উপজেলার হাজিরহাট ইউনিয়নের চরজাঙ্গালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত হয়েছেন দুলাল (৩৪) নামে এক কাঠমিস্ত্রি। তিনি ওই এলাকার বাসিন্দা।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম মইন উদ্দিন সুমন (৪০)। তিনি চরজাঙ্গালিয়া এলাকার হাফিজ উল্লাহ বেপারী বাড়ির বাসিন্দা। তার বাবা আলী আজ্জম ও মা আফিয়া বেগম।
স্থানীয় সূত্রে জানা যায়, দুলালের বাড়ির দরজার সামনে রাস্তার ওপর কিছু মাটি দেওয়াকে কেন্দ্র করে তার সঙ্গে চাচাতো ভাই সুমনের কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে সুমন ক্ষিপ্ত হয়ে ধারালো ছুরি দিয়ে দুলালের গলার ডান পাশে আঘাত করেন। এতে দুলাল গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে পাঠান।
লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত সুমনকে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন