ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্টে ২ ইটভাটা শ্রমিকের মৃত্যু

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৪:০৮ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

লক্ষ্মীপুরে কাজের ফাঁকে জিরানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ইটভাটা শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্টা এলাকার এনবিসি ইটভাটায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রুবেল হোসেন (৩০) ও মো. আলাউদ্দিন (৩৫)। রুবেল সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভূতা গ্রামের মো. সেলিমের ছেলে এবং আলাউদ্দিন একই এলাকার তাজল ইসলামের ছেলে। তারা ইটভাটায় দৈনিক বেতনে শ্রমিক হিসেবে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী ও ইটভাটার শ্রমিকরা জানান, ইটভাটায় একটি পরিত্যক্ত টিনের ঘর রয়েছে। ধারণা করা হচ্ছে, সম্প্রতি ঝড়ে বিদ্যুতের তার ছিঁড়ে ওই ঘরটি বিদ্যুতায়িত ছিল। ঘটনার সময় কাজের ফাঁকে রুবেল ও আলাউদ্দিন জিরানোর জন্য ঘরটির বিপরীত পাশে ছায়ায় গিয়ে বসেন। সেখানে তারা ধূমপানও করেন। ঘামে ভেজা শরীর নিয়ে একজন ওই ঘরের সঙ্গে হেলান দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। তাকে বাঁচাতে গিয়ে অন্যজনও বিদ্যুতায়িত হন। তাদের দেখে আরেকজন বাঁচাতে গিয়ে বিষয়টি বুঝতে পারেন। পরে দুজনকে উদ্ধার করে পার্শ্ববর্তী কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. দোলন আক্তার দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই শ্রমিকের মরদেহ হাসপাতালে আনা হয়েছে। তাদের আমরা মৃত অবস্থায় পেয়েছি। মরদেহ হাসপাতালে রয়েছে।