লক্ষ্মীপুরে বাগানের ভেতরে মাটি খুঁড়ে তৈরি করা হয়েছে একটি বিশাল সুড়ঙ্গ। প্রবেশপথ বাঁশ ও গাছের ডালপালা দিয়ে ঢাকা ছিল। বাইরে থেকে দেখে বোঝার কোনো উপায় নেই। অথচ এর ভেতরে রয়েছে ওঠানামার সিঁড়ি থেকে শুরু করে বিছানা-বালিশও।
লক্ষ্মীপুর সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের পশ্চিম লক্ষ্মীপুর গ্রামে পরিত্যক্ত জমিদার বাড়ির পাশের একটি বাগানে এ সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এটি মাদক সেবন ও বিক্রির গোপন আস্তানা হিসেবে ব্যবহৃত হতো। সুড়ঙ্গটির ভেতরে তিন থেকে চারজন একসঙ্গে অবস্থান করতে পারতেন। প্রবেশমুখে বাঁশ ও ডালপালা দিয়ে তৈরি ঢাকনা থাকায় বাইরে থেকে কিছু বোঝা যেত না।
একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গত বৃহস্পতিবার রাতের আঁধারে কে বা কারা সুড়ঙ্গটি ভেঙে ফেলে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সুজন সাহা নামের এক যুবক তার সহযোগীদের নিয়ে সুড়ঙ্গটি তৈরি করেছিলেন। তিনি তার সহযোগীদের নিয়ে এখানে নিয়মিত বসতেন এবং মাদক সেবন করতেন।
বিষয়টি প্রকাশ পাওয়ার পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
সুজন সাহার স্ত্রীর কাছে জানতে চাইলে তিনি বলেন, সুড়ঙ্গটি তার স্বামী তৈরি করেছিলেন। তবে সেখানে মাদক সেবন করা হতো কি না, তা তিনি জানেন না।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন