ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

লালমনিরহাটে নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত ১৫

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৬, ০৫:৩৬ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে লালমনিরহাট-১ (হাতীবান্ধা ও পাটগ্রাম) আসনে বিএনপি ও জামায়াত ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে হাতীবান্ধা উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের ২ নম্বর কাসাইটাড়ি এলাকায় এ সংঘাতের সূত্রপাত হয়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, প্রচার চালানোকে কেন্দ্র করে দুপুরবেলা কাসাইটাড়ি এলাকায় বিএনপি ও জামায়াতকর্মীদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলাকালীন উভয় পক্ষ একে অপরের ওপর ইটপাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। এতে উভয় দলের অন্তত ১৫ জন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের সূত্রপাত নিয়ে বিএনপি ও জামায়াত একে অপরকে দায়ী করছে। উভয় দলের স্থানীয় নেতৃবৃন্দ এই হামলার জন্য প্রতিপক্ষকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান লালমনিরহাটের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এইচ এম রকিব হায়দার এবং পুলিশ সুপার মো. আসাদুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের পাশাপাশি র‌্যাব ও বিজিবি সদস্যরা কঠোর অবস্থানে রয়েছেন।

লালমনিরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান জানান, 'একই এলাকায় নির্বাচনি প্রচারকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হওয়ার পাশাপাশি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। আমরা ঘটনাস্থলে অবস্থান করছি। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।'