ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লালমনিরহাট–২ (আদিতমারী–কালীগঞ্জ) আসনের ১১ দলীয় ঐক্য সমর্থিত মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মো. ফিরোজ হায়দার লাভলু ১৩ দফা নির্বাচনি ইশতেহার ঘোষণা করেছেন।
রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে কালীগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ইশতেহার তুলে ধরেন।
ইশতেহারে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়নের অঙ্গীকার করেন ফিরোজ হায়দার লাভলু। পাশাপাশি নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও নিয়মিত ড্রেজিংয়ের প্রতিশ্রুতি দেন তিনি। লালমনিরহাট–বুড়িমারী মহাসড়ক চার লেনে উন্নীত করা, রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালুর কথাও উল্লেখ করা হয় ইশতেহারে।
এ ছাড়া আদিতমারী উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নে একটি পুলিশ ফাঁড়ি স্থাপন এবং তুষভাণ্ডার ইউনিয়নকে পৌরসভায় উন্নীত করার পরিকল্পনার কথা জানান জামায়াত প্রার্থী।
ইশতেহারের অন্যান্য দফার মধ্যে রয়েছে—এলাকার সড়ক, সেতু ও কালভার্ট উন্নয়ন, কৃষকদের জন্য ন্যায্যমূল্যে কৃষি উপকরণ সরবরাহ, আদিতমারী ও কালীগঞ্জে মানসম্মত হাসপাতাল স্থাপন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন এবং তরুণদের জন্য কর্মসংস্থান সৃষ্টি।
সংবাদ সম্মেলনে ফিরোজ হায়দার লাভলু বলেন, সুশাসন প্রতিষ্ঠায় প্রশাসনে দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে। তিনি জনকল্যাণে ঘোষিত ইশতেহার বাস্তবায়নে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিতে ভোটারদের প্রতি আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে ১১ দলীয় নির্বাচনি ঐক্যের নেতাকর্মী এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

