ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈদুল ফিতরের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’: ত্রাণমন্ত্রী 

(কালীগঞ্জ) লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৮:০৫ পিএম
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আগেই অগ্রাধিকারভিত্তিতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। প্রাথমিকভাবে দেশের আটটি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে এ কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে লালমনিরহাটে নিজ নির্বাচনি এলাকায় প্রথম সফরে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, প্রকৃত হতদরিদ্র ও সহায়তা পাওয়ার যোগ্য পরিবারগুলোকে সঠিকভাবে চিহ্নিত করাই সরকারের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে দেশের প্রতিটি যোগ্য পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’-এর আওতায় আনা হবে। এর মাধ্যমে সরকারি সহায়তা সরাসরি ও স্বচ্ছভাবে উপকারভোগীদের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হবে। মধ্যস্বত্বভোগী বা অনিয়মের সুযোগ কমিয়ে একটি জবাবদিহিমূলক সহায়তা ব্যবস্থাপনা গড়ে তোলাই এ উদ্যোগের উদ্দেশ্য বলে তিনি উল্লেখ করেন।

উন্নয়ন কর্মকাণ্ড প্রসঙ্গে মন্ত্রী জানান, আসন্ন শুকনো মৌসুমে তিনটি মন্ত্রণালয়ের সমন্বয়ে দেশব্যাপী ব্যাপক হারে খাল খনন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে চলতি বছরে সারা দেশে পাঁচ কোটি বৃক্ষরোপণের পরিকল্পনা রয়েছে, যা পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রমজান ও ঈদ প্রস্তুতি নিয়ে তিনি বলেন, রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর। সাধারণ মানুষের ইফতার, সেহরি ও তারাবিহ নামাজ নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট বিভাগগুলো সমন্বিতভাবে কাজ করছে। পাশাপাশি ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করা এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বলেও তিনি আশ্বাস দেন।

এর আগে মন্ত্রী লালমনিরহাটের তিস্তা, মোস্তফী, মহেন্দ্রনগরসহ বিভিন্ন এলাকায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি দলীয় আদর্শ অক্ষুণ্ন রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আত্মনিয়োগের জন্য নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।