ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জামিন পেয়ে আদালত থেকে বের হতেই ফের গ্রেপ্তার ছাত্রলীগ নেতা

লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৯, ২০২৬, ০৪:৩৩ পিএম
জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসান। ছবি : রূপালী বাংলাদেশ

লালমনিরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলার সাবেক সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে আদালত থেকে জামিন পাওয়ার পরপরই আবারও আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

সোমবার (৯ মার্চ) দুপুরে তাকে নতুন একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গতকাল রোববার (৮ মার্চ) দুপুরে জেলা বিএনপির রাজনৈতিক কার্যালয় ‘হামার বাড়ি’ ভাঙচুর ও অগ্নিসংযোগ সংক্রান্ত একটি মামলায় লালমনিরহাট আদালতে আত্মসমর্পণ করেন মেহেদী হাসান। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।

পরে আদালতের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ করে রোববার সন্ধ্যায় আদালত চত্বর থেকে বের হওয়ার সময় মূল গেটে অবস্থান নেয় ডিবি পুলিশের একটি দল। তিনি গেট অতিক্রম করা মাত্রই তাকে আবারও আটক করে নিয়ে যাওয়া হয়।

লালমনিরহাট সদর থানার ওসি আব্দুল মতিন জানান, মেহেদী হাসানকে ২০২৪ সালে দায়ের করা অন্য একটি মামলায় (মামলা নং-২) গ্রেপ্তার দেখানো হয়েছে। সোমবার দুপুরে থানা হেফাজত থেকে তাকে কারাগারে পাঠানো হয়েছে।