লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার ধবলগুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে আলী হোসেন (৪৯) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) ভোররাতে ওই সীমান্তের ৮৭৪/৫-এস পিলারের কাছে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ওই এলাকা দিয়ে ভারতীয় গরু পারাপারে চেষ্টা করেন একদল চোরাচালানকারী। এ সময় ভারতীয় ১৫৬ ব্যাটালিয়ন বিএসএফ’র সাতগ্রাম ক্যাম্পের টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। সেই গুলিতে ধবলগুড়ি পূর্ব পানিয়ারটারী এলাকার আব্দুল গফুরের ছেলে আলী হোসেন (৪৯) নিহত হন। পরে ভারতীয় বিএসএফ আলী হোসেনের মহদেহ ভারতে নিয়ে যায়।
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ৬১ তিস্তা ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ ফজলে মুনিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের ঘটনায় ভারতীয় বিএসএফ’র সঙ্গে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন