ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গরু চুরির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ০৭:১৪ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

লালমনিরহাটের হাতীবান্ধায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা আরিফুল ইসলাম নয়নকে (২৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

বুধবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আরিফুল ইসলাম নয়ন উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজগ্রাম এলাকার রমজান আলীর ছেলে। তিনি হাতীবান্ধা উপজেলার সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি ছিলেন।

জানা গেছে, আরিফুল ইসলাম নয়ন দীর্ঘদিন ধরে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন এবং সর্বশেষ তিনি সরকারি আলিমুদ্দিন ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, ‘গরু চুরির ঘটনায় মোতাহার হোসেন মিন্টুর দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা আরিফুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করা হয়েছে।’

উল্লেখ্য, হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নে মোতাহার হোসেন মিন্টুর বাড়িতে ভাঙচুর, মারধর ও গরু চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে আরিফুল ইসলাম নয়নকে গ্রেপ্তার করা হয়।