মাদারীপুরে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শুরু হয়েছে। সকাল সাড়ে ৭টা থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। এ বছর তুলনামূলক সকালে ভোট শুরু হওয়ায় ভোটারদের উপস্থিতি এখনো তেমন লক্ষ্য করা যায়নি। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে লোকজন ভোটকেন্দ্রে জড়ো হচ্ছেন। আইনশৃঙ্খলা বাহিনী বিভিন্ন কেন্দ্রের পাহারায় রয়েছে।
সাড়ে ৭টায় মাদারীপুর শহরের ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট প্রদান করেছেন মাদারীপুর-২-এর বিএনপি সমর্থিত প্রার্থী জাহানদার আলী জাহান।
তিনি বলেন, প্রথম ভোট আমি প্রদান করলাম। অনেক বছর পর সরাসরি ভোট প্রদান করতে পেরেছি। শান্তিপূর্ণভাবে ভোট শুরু হয়েছে। বিজয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদারীপুরের তিনটি সংসদীয় আসনে মোট ২৫ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। জেলার ৩৮১টি ভোটকেন্দ্রের মধ্যে ২২৪টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ এবং ১৫৭টি কেন্দ্রকে সাধারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। জেলায় মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৪৮ হাজার ৩২৭ জন।
এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৯৫ হাজার ৩০৮ জন, নারী ভোটার ৫ লাখ ৫৩ হাজার ৭ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১২ জন।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ঝুঁকিপূর্ণ প্রতিটি কেন্দ্রে তিনজন অস্ত্রধারী পুলিশ, তিনজন নিরস্ত্র আনসার ও ১০ জন লাঠিধারী আনসার সদস্য দায়িত্ব পালন করছেন। সাধারণ কেন্দ্রে দুজন নিরস্ত্র পুলিশ, দুজন নিরস্ত্র আনসার এবং ১১ জন লাঠিধারী আনসার সদস্য রয়েছেন। এ ছাড়া জেলায় প্রায় ৬০০ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে।
প্রতিটি উপজেলায় ১০০ জন করে এবং সদর উপজেলায় ২০০ জন সেনাসদস্য দায়িত্ব পালন করছেন। পাশাপাশি ৬ প্লাটুন বিজিবি ও অর্ধশত র্যাব সদস্য মাঠে রয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ২৪ জন। এর মধ্যে মাদারীপুর-১ আসনে ৭ জন, মাদারীপুর-২ আসনে ৭ জন এবং মাদারীপুর-৩ আসনে ১০ জন রয়েছেন। এ ছাড়া জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটও দায়িত্ব পালন করছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন