ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বাড়িতে মাটির নিচে গুদামজাত করা ৩৭ হাজার লিটার তেল জব্দ

ডাসার (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ২০, ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

মাদারীপুরের ডাসারে অবৈধভাবে মজুত করে রাখা বাড়ির মাটির নিচের গুদাম থেকে ৩৭ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাব।

রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় ডাসার উপজেলার বালিগ্রাম ইউনিয়নের ধুয়াশার বাজারে অভিযান চালিয়ে বাচ্চু সরদার নামে এক ব্যবসায়ীর বাড়ির গুদাম থেকে এসব তেল জব্দ করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাদারীপুরের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল।

জানা যায়, ভোজ্যতেল অবৈধভাবে মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে র‍্যাবকে সঙ্গে নিয়ে অভিযান চালানো হয়।

অভিযানে বাচ্চু সরদারের বসতঘরের নিচে গুদামে ৩৭ হাজার লিটার সয়াবিন তেল মজুত অবস্থায় পাওয়া যায়।

এ সময় অবৈধভাবে তেল মজুতের দায়ে তাকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সোমবার (২০ এপ্রিল) দিনের মধ্যে জব্দকৃত তেল বাজারে ছাড়ার শর্তে তার কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দ মণ্ডল জানান, অধিক মুনাফার উদ্দেশ্যে বাজার অস্থিতিশীল করতে এসব তেল মজুত করা হয়েছিল। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।