মাগুরার শালিখায় শতখালী দারুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. হাফিজুর রহমান ডিবি পুলিশ পরিচয়ে একটি প্রতারক চক্রের শিকার হয়েছেন।
রোববার (৮ মার্চ) দুপুরে প্রশাসনের ভুয়া পরিচয় দিয়ে ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে ৫৫ হাজার টাকা হাতিয়ে নেয় চক্রটি। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষক শালিখা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–৩৪৮) করেছেন।
জিডি সূত্রে জানা গেছে, রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটের দিকে মাওলানা হাফিজুর রহমানের মোবাইলে একটি কল আসে। কলদাতা নিজেকে প্রশাসনের লোক পরিচয় দিয়ে জানায়, তার ছেলেকে ইয়াবাসহ আটক করা হয়েছে।
মামলার ভয় দেখিয়ে প্রতারক চক্রটি দ্রুত টাকা দাবি করে। আতঙ্কিত হয়ে তিনি দুটি মোবাইল ব্যাংকিং নম্বরে মোট ৫৫ হাজার ৫০০ টাকা (৩০ হাজার ও ২৫ হাজার ৫০০) পাঠিয়ে দেন।
টাকা পাঠানোর পর ওই নম্বরগুলো বন্ধ পাওয়া গেলে তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন। পরে তিনি দ্রুত শালিখা থানায় উপস্থিত হয়ে বিষয়টি পুলিশকে অবহিত করেন।
শালিখা থানার ওসি আবু সাঈদ জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও জানান, প্রতারক চক্রটি সেওজগাতী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানকে ফোন করে প্রতারণার চেষ্টা করেছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন