মানিকগঞ্জ-৩ (সদর ও সাটুরিয়া) আসন থেকে বিএনপির প্রার্থী আফরোজা খানম রিতা বিপুল ভোটে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়ে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। তার মন্ত্রিত্ব লাভের খবরে মানিকগঞ্জ জেলায় দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
খবরটি ছড়িয়ে পড়ার পরপরই জেলার বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল, শুভেচ্ছা সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট ও বার্তা প্রকাশ করেন নেতাকর্মী ও সমর্থকেরা।
নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও মন্ত্রী হওয়ায় তাকে শুভেচ্ছা জানিয়েছেন। বিএনপির বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থী এবং জেলা বিএনপির বহিষ্কৃত নেতা আতাউর রহমান আতা বলেন, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। জনগণের ভোটে তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং পরে মন্ত্রী হয়েছেন। তাকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মুহাম্মদ সাঈদনূর বলেন, আলহামদুলিল্লাহ, তিনি মন্ত্রী হয়েছেন—আমরা আনন্দিত। তাকে স্বাগতম জানাই। তিনি শান্তিপূর্ণ পরিবেশে মানিকগঞ্জবাসীসহ দেশের মানুষের সেবায় কাজ করবেন—এটাই কামনা করি।
আরেক প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাহজাহান আলী সাজু বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মন্ত্রিত্ব লাভ করেছেন। তাকে প্রাণঢালা অভিনন্দন। আমরা যারা নির্বাচনে অংশ নিয়েছি, তারা জনগণের অধিকার আদায়ে রাজপথে সক্রিয় থাকব।
রাজনৈতিক বিশ্লেষক ও সমাজকর্মী মোয়াজ্জেম হোসেন খান মজলিশ বলেন, বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায়ীদের রাজনীতিতে অংশগ্রহণ বেড়েছে, যা কিছু ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে। তবে মানিকগঞ্জ জেলার একজন সংসদ সদস্যের মন্ত্রীত্ব নিঃসন্দেহে ইতিবাচক। এতে জেলার মানুষ কিছুটা হলেও সুফল পাবে বলে আশা করি।
এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আফরোজা খানম রিতার অন্যান্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী—মফিজুল ইসলাম খান কামাল, রফিকুল ইসলাম খান ও সামসুদ্দিনের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।
উল্লেখ্য, স্বাধীনতার পর মানিকগঞ্জ-৩ আসন থেকে আফরোজা খানম রিতা প্রথম নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করেন। মঙ্গলবার বিকেলে নতুন মন্ত্রিসভার সদস্য হিসেবে তিনি শপথ গ্রহণ করেন।
মন্ত্রিপরিষদ বিভাগ থেকে শপথ গ্রহণের আমন্ত্রণ পাওয়ার পর থেকেই মানিকগঞ্জ জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান আফরোজা খানম রিতা বর্তমানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য এবং মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে তিনি ১ লাখ ৬৭ হাজার ৩৪৫ ভোট পেয়ে উল্লেখযোগ্য ব্যবধানে বিজয়ী হন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন