মানিকগঞ্জ থেকে ঢাকার মোহাম্মদপুরে একটি অনুষ্ঠানের উদ্যেশে যাচ্ছিলেন জামান মিয়া ও স্ত্রী অজিফা আক্তার লাবনী। সঙ্গে ছিল তিন শিশু সন্তান। পথিমধ্যে তাদের বহন করা সিএনজি অটোরিকশা অপরদিক থেকে আসা ট্রাকের সঙ্গে ধাক্কা খায়। এতে সিএনজি থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যায় ৯ বছরের ছেলে জাহিদ ইবনে জামান। এ সময় সিএনজির পেছনে থাকা অপর একটি ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও সিএনজি অটোরিকশাটি জব্দ করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার সকাল পৌনে ১০টার সময় মানিকগঞ্জ সদর উপজেলার নয়াকান্দি এলাকার বাসিন্দা মো. জামান মিয়া ও তার স্ত্রী অজিফা আক্তার লাবনী তিন ছেলে জাহিদ ইবনে জামান (০৯), লাবিদ (০৫) ও ইব্রাহীমকে (১০ মাস) সঙ্গে নিয়ে এক আত্মীয়ের বিয়ের দাওয়াত খেতে ঢাকার মোহাম্মদপুরের উদ্দেশে বাসা থেকে বের হন। হেমায়েতপুর পর্যন্ত একটি সিএনজি (ঢাকা-থ-১২-০১২০) ভাড়া করেন। সকাল সাড়ে ১০টার দিকে সিংগাইর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে সিএনজিটি সামনে থাকা একটি ট্রাককে সজোরে ধাক্কা দেয়। তখন সিএনজি থেকে ছিটকে সড়কের ওপর পড়ে যায় বড় ছেলে জাহিদ ইবনে জামান। এসময় সিএনজির পেছনে থাকা অপর একটি ট্রাকের (পাবনা মেট্রো-ট-১১-০৫৫৫) চাপায় পিষ্ট হয়ে মাথা ছিন্নভিন্ন হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ছেলের এমন করুণ মৃত্যু দেখে শোকে পাথর এবং বাকরুদ্ধ হয়ে পড়েন পিতা জামান মিয়া ও মা অজিফা আক্তার লাবনী। নির্বাক হয়ে যান ৫ বছর বয়সী ভাই লাবিদ।
এদিকে ঘটনার পরপরই পালিয়ে যায় ঘাতক ট্রাক ও সিএনজি চালক।
সিংগাইর থানার ওসি মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। জব্দ করা হয়েছে ট্রাক ও সিএনজি। এ ঘটনায় যানবাহন দুটির অজ্ঞাত চালকের নামে লিখিত অভিযোগ দেন নিহতের পিতা। তাদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।



