মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ভোটের পরিস্থিতি জটিল হতে শুরু করেছে। ১১-দলীয় জোট ঘোষিত খেলাফত মজলিসের প্রার্থী আহমদ বিলালের পাশাপাশি হঠাৎ করে জোটের প্রধান শরিক দল জামায়াতের প্রার্থী আব্দুল মান্নান মাঠে সক্রিয় হওয়ায় এই আসনের নির্বাচনি হিসাব পরিবর্তিত হয়েছে।
জোটের সিদ্ধান্ত অনুযায়ী, আগে আব্দুল মান্নান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছিলেন। তখন ধারণা করা হচ্ছিল, প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে বিএনপির এম নাসের রহমানকে দেখা হবে। কিন্তু সম্প্রতি জামায়াত প্রার্থী আবারও মাঠে সক্রিয় হওয়ায় পরিস্থিতি বদলে গেছে।
বর্তমানে এই আসনে ১১-দলীয় জোটের দুজন প্রার্থী ছাড়াও বিএনপির এম নাসের রহমান ও বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জহর লাল দত্ত নির্বাচনি মাঠে রয়েছেন। জামায়াত প্রার্থীর পুনরাগমনে ভোট বিভাজনের আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি তিনি নির্বাচনে সক্রিয় থাকেন, ভোটের ফলাফল ভিন্ন দিকে মোড় নিতে পারে।
স্থানীয় ভোটাররা দ্বিধায় রয়েছেন। একজন ভোটার সাদিকুর রহমান বলেন, আমরা সাধারণ ভোটার। আগে ১১-দলীয় জোটের সমর্থক ছিলাম। এখন কাকে ভোট দেব, বুঝতে পারছি না।
মৌলভীবাজার খেলাফত মজলিসের সহসভাপতি মাওলানা আব্দুল খালেক বলেন, জোটের মধ্যে আসন বণ্টনে আমাদের ত্যাগের যথাযথ মূল্যায়ন হয়নি। তবে আমরা জোটের স্বার্থে কেন্দ্রীয় সিদ্ধান্ত মেনে মাঠে কাজ করছি। কিন্তু মৌলভীবাজার-৩ আসনে জামায়াত প্রার্থীর হঠাৎ সক্রিয়তা নেতাকর্মীদের মধ্যে বিভ্রান্তি তৈরি করছে, যা জোটের প্রচারে ক্ষতি করতে পারে।
জামায়াত প্রার্থী আব্দুল মান্নান বলেন, নির্বাচন কমিশনের ফয়সালার ভিত্তিতে আমি বৈধ প্রার্থী। তাই গণসংযোগ ও দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে শোডাউন করছি। দেশবাসীর কাঙ্ক্ষিত উন্নয়ন ও ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েমে ন্যায়ের প্রতীক বিজয়ী করতে ভোটার ও সমর্থকদের দোয়া ও সহযোগিতা চাই।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন