ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মৌলভীবাজারে খাল খননের সময় বেরিয়ে এলো মর্টার শেল

মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ২৪, ২০২৬, ০৬:৪৪ এএম
উদ্ধার হওয়া মর্টার শেল। ছবি : রূপালী বাংলাদেশ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাল খননের সময় মাটির নিচ থেকে একটি মর্টার শেল উদ্ধার হয়েছে। 

সোমবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ৪ নম্বর সিন্দুরখাঁন ইউনিয়নের দুর্গানগর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক সহিদ মিয়া খাল খননের কাজ করার সময় মাটির নিচে একটি ধাতব বস্তু দেখতে পান। পরে সেটি তুলে আনলে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ সেটিকে বোমা, কেউ মাইন, আবার কেউ বিস্ফোরক লঞ্চারের অংশ বলে ধারণা করেন।

পরিস্থিতি বিবেচনায় অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার পরামর্শে জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হয়। খবর পেয়ে শ্রীমঙ্গল থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং এলাকা ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে।

পুলিশ জানায়, বস্তুটি পরিত্যক্ত মর্টার শেল হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি নিশ্চিত করতে সিলেট থেকে বোমা নিষ্ক্রিয়করণ দলকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, মর্টার শেলটি উদ্ধার করে থানায় নেওয়া হবে। বোমা নিষ্ক্রিয়করণ দল আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমানে পুলিশ ঘটনাস্থলে অবস্থান করছে এবং বোমা নিষ্ক্রিয়করণ দল না আসা পর্যন্ত নিরাপত্তা নিশ্চিত করা হবে।